সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

বৃহস্পতিবার শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন; স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পরই রাষ্ট্রপতির ভাষণ

টুইট ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১১ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশনে বিধি মোতাবেক সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আহ্বান জানাবেন সংসদ নেতা তারেক রহমান। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি আরও জানান, এরপর আবার সংসদের অধিবেশন বসবে। সেই অধিবেশনে বিভিন্ন সুপ্রস্তাব উত্থাপন করা হবে এবং সেগুলোর ওপর আলোচনা হবে। পরে আইনমন্ত্রী সংসদে ১৩৩টি অর্ডিন্যান্স উত্থাপন করবেন। সবশেষে রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।

যদিও সেই প্রস্তাব আপাতত নাকচ করেছে জামায়াত। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা শেষে ডেপুটি স্পিকারের বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবে।