ডেপুটি স্পিকারের বিষয়ে সরকারের প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে দলটি; লিখিত প্রস্তাব ও সংস্কার বাস্তবায়নের দাবি

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে মৌখিক প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করে দিয়েছে জামায়াত। সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দলটি।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে গণমাধ্যমকে ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “আমরা এভাবে ডেপুটি স্পিকার চাইনি।”

এর আগে গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতার বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। সে অনুযায়ী প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা যেন ডেপুটি স্পিকার মনোনীত করে। স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

তবে বিরোধী শিবির থেকে এ বিষয়ে লিখিত প্রস্তাব দেওয়ার পাশাপাশি জুলাই সনদ ও গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানানো হয়েছিল।