মিরপুরে আজ সিরিজের সূচনা

অভিজ্ঞতার পরীক্ষায় বাংলাদেশ, নতুনদের ভরসায় চ্যালেঞ্জ ছুঁড়ছে পাকিস্তান।
টুইট ডেস্ক: ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত একদিনের আন্তর্জাতিক সিরিজ। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে অভিজ্ঞতায় সমৃদ্ধ বাংলাদেশ এবং বেশ কয়েকজন নতুন ক্রিকেটার নিয়ে গড়া পাকিস্তান দল। ফলে মিরপুরের লড়াইটি হয়ে উঠেছে অভিজ্ঞতা বনাম তারুণ্যের এক আকর্ষণীয় পরীক্ষা।
ওয়ানডে ইতিহাসে দুই দলের পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে খুব একটা কথা বলে না। এখন পর্যন্ত ৩৯ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র ৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ, বিপরীতে পাকিস্তানের জয় ৩৪টি। তবে সাম্প্রতিক সময়ে ব্যবধান কমেছে। বিশেষ করে ২০১৫ সালের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা যা এখনও বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় উৎস।
সবশেষ গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর নতুন উদ্দীপনায় মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মেরাজের নেতৃত্বে দলটি চায় ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজের শুরুটা জয় দিয়ে করতে।
দলের ব্যাটিং ক্রমে কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ওপেনিংয়ে দেখা যেতে পারে সম্মু সরকার ও সাইফ হাসান কে। তিন নম্বরে থাকতে পারেন নাজমুল হাসান সান্ত। আর চার নম্বরে নামার সম্ভাবনা রয়েছে লিটন দাসের। মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন তৌহিদ হৃদয় দলে ফেরা আসিফ হোসেন।
অধিনায়ক মিরাজ নিজে খেলতে চান নিচের দিকে, ছয় বা সাত নম্বরে। এতে মিডল অর্ডারের ভারসাম্য বজায় রাখা সহজ হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। অলরাউন্ডার হিসেবে একাদশে থাকতে পারেন রিসাদ হোসেন।বোলিং আক্রমণে থাকতে পারে তিন পেসারের সমন্বয়। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম কে একসঙ্গে দেখা যেতে পারে। তবে উইকেটের আচরণ বিবেচনায় শেষ মুহূর্তে স্পিনার তানভীর ইসলাম কে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে পাকিস্তান দল এসেছে বড় ধরনের পরিবর্তন নিয়ে। অধিনায়ক সাহিন শাহ্ আফ্রিদির নেতৃত্বে স্কোয়াডে রয়েছে একাধিক নতুন মুখ। টপ অর্ডারে অভিষেকের সম্ভাবনা রয়েছে কয়েকজন তরুণ ব্যাটারের। ফলে পাকিস্তানের একাদশে চমক থাকার ইঙ্গিত আগেই দিয়েছেন দলটির কোচিং স্টাফ।
সব মিলিয়ে মিরপুরে আজকের ম্যাচটি শুধু সিরিজের সূচনা নয়, বরং দুই ভিন্ন দর্শনের ক্রিকেট দর্শনের লড়াই। অভিজ্ঞতার শক্তিতে বাংলাদেশ এগিয়ে থাকতে চাইলেও তারুণ্যের সাহস নিয়ে পাকিস্তানও প্রস্তুত কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে।






