বিড়াল হত্যায় যুবকের ৬ মাস কারাদণ্ড

মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা; জরিমানা ১০ হাজার টাকা, অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড!
টুইট ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যার দায়ে আকবর হোসেন শিবলু নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, এর আগে গত ৩ ফেব্রুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেছিলেন। পরে রায় ঘোষণার তারিখ পরিবর্তন করে বুধবার ধার্য করা হয়। মামলাটিতে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলায় বসবাসকারী মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়ালটি নিখোঁজ হয়। পরবর্তীতে ভবনের নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আকবর হোসেন শিবলু বিড়ালটিকে লাথি মারছেন। এতে গুরুতর আঘাত পেয়ে বিড়ালটি মাটিতে লুটিয়ে পড়ে এবং পরে মারা যায়।
ঘটনাটি প্রত্যক্ষ করা এক ব্যক্তি বিষয়টি বাদীকে জানান। পরে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ করে মামলার প্রস্তুতি নেওয়া হয়।
২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ‘পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ার’ সংগঠনের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত তখন বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে পুলিশ প্রতিবেদনে জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর ২০২৫ সালের ১৪ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।






