বিশ্বকাপ ভাবনায় পাকিস্তান সিরিজ

পাইকিস্তান সিরিজ দিয়েই বিশ্বকাপ প্রস্তুতির শুরু, ম্যাচভিত্তিক পরিকল্পনায় জয়ের লক্ষ্য মিরাজদের।
টুইট ডেস্ক: আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ইতোমধ্যেই প্রস্তুতি শেষ করেছে। সিরিজ শুরুর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, এই সিরিজ দিয়েই মূলত আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ।
মিরাজ বলেন, ২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ খুব বেশি একদিনের ম্যাচ খেলেনি। যে কয়টি ম্যাচ খেলেছে, সেগুলোও হয়েছে দীর্ঘ বিরতির মধ্যে। তার মতে, এই পরিস্থিতি দলের জন্য কিছুটা কঠিন ছিল। তবে চলতি বছরে বেশ কয়েকটি একদিনের ম্যাচ থাকায় পরিকল্পনা সাজানোর সুযোগ পাচ্ছে দল।
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, অতীতে একদিনের ক্রিকেটে দলের একটি নির্দিষ্ট ধারা ছিল। সেই সময়ে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার দীর্ঘদিন একসঙ্গে খেলায় দলগত সমন্বয় শক্তিশালী হয়েছিল। বর্তমানে সেই অভিজ্ঞদের অনেকেই দলে নেই। ফলে নতুনদেরই দায়িত্ব নিতে হবে এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে।
মিরাজের মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা। তাই দল খুব বেশি দূরের পরিকল্পনা না করে সিরিজ ও ম্যাচ ধরে এগোতে চায়। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও দায়িত্বশীল পারফরম্যান্সই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল এনে দেবে।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ তাই বাংলাদেশের জন্য শুধু একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই নয়; বরং ভবিষ্যৎ বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে দল গঠনের পরীক্ষাগার হিসেবেও বিবেচিত হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন তাই মিরপুরের এই সিরিজেই।






