ঈদে লিজার নতুন গান ‘ভালোবাসা কেন যে এমন হয়’

নাটক ‘প্রিয়জন’-এর গানে বেলাল খানের সঙ্গে কণ্ঠ; ইউটিউবে প্রকাশের পর ধীরে ধীরে মিলছে দর্শক শ্রোতার সাড়া।
টুইট প্রতিবেদক: ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশের ধারায় এবার যোগ হলো জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা–র কণ্ঠে মৌলিক গান ‘ভালোবাসা কেন যে এমন হয়’। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে ধীরে ধীরে সাড়া ফেলতে শুরু করেছে।
গানটির কথা লিখেছেন সহদেব সাহা এবং সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বেলাল খান। এই গানে লিজার সঙ্গে সহশিল্পী হিসেবেও কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির ভিডিও নির্মাণ করেছেন আদর মির্জা এবং প্রযোজনা করেছেন রাজ বিশ্বাস শংকর।
জানা গেছে, গানটি মূলত ‘প্রিয়জন’ নামের একটি নাটকের অংশ। তবে নাটকের বাইরে আলাদাভাবে গানটির সংগীতচিত্রও নির্মাণ করা হয়েছে। গত ৪ মার্চ এটি ইউটিউবে প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শক,শ্রোতার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, গানটির কথা ও সুর দুটিই খুব হৃদয়ছোঁয়া। এর আগে বেলাল খানের সঙ্গে তার গাওয়া ‘পাখি’ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন গানটি সেই ধারার নয়; বরং ভিন্ন ঘরানার সুরে তৈরি, যা শ্রোতাদের কাছে আলাদা অনুভূতি এনে দেবে বলে তিনি আশা করছেন।
তিনি আরও জানান, যদিও এটি একটি নাটকের গান, তবু আলাদা সংগীতচিত্র নির্মাণের ফলে গানটি স্বাধীনভাবেও দর্শকদের কাছে পৌঁছাচ্ছে। এ জন্য তিনি গীতিকার, সুরকার, প্রযোজক ও নির্মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে আসন্ন ঈদ উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), চ্যানেল আই ও এটিএন নিউজ সহ কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে দেখা যাবে লিজাকে। ঈদের পরপরই দেশের বিভিন্ন স্থানে মঞ্চ পরিবেশনা নিয়েও ব্যস্ততা শুরু হবে বলে জানিয়েছেন এই শিল্পী।
সংগীতাঙ্গনের পর্যবেক্ষকদের মতে, ঈদকে কেন্দ্র করে নতুন মৌলিক গান প্রকাশের প্রতিযোগিতার মধ্যেও লিজার নতুন গানটি প্রেমভিত্তিক আবেগঘন কথামালা ও ভিন্ন সুরসজ্জার কারণে আলাদা করে শ্রোতাদের নজর কাড়তে পারে।






