জাতীয় দুর্যোগ দিবসে রাজশাহীতে সচেতনতা কর্মসূচি

দুর্যোগে ক্ষতি কমাতে জনগণের প্রস্তুতি জরুরি: ইউএনও মাশতুরা আমিনা

স্টাফ রিপোর্টার: দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনগণের সচেতনতা ও আগাম প্রস্তুতিই সবচেয়ে কার্যকর—এ কথা বলেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ দিবস–২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে তিনি বলেন, প্রশাসনের একার পক্ষে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। এজন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ, সমন্বিত উদ্যোগ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন তাৎক্ষণিক করণীয়, উদ্ধার কার্যক্রম এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মাশতুরা আমিনা বলেন, প্রতিটি পরিবারকে ছোট পরিসরে হলেও দুর্যোগ প্রস্তুতির মহড়া করা উচিত। ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা একসঙ্গে কাজ করলে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর হবে। দুর্যোগের ক্ষতি কমিয়ে আনতে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সাব-রেজিস্ট্রার নাজমুল হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।