সম্পর্কের দ্বন্দ্বে ‘একসাথে আলাদা’

ঈদে হই চইতে আসছে ইয়াশ রোহান,পারসা ইভানার নতুন ওয়েবচিত্র; ট্রেইলার প্রকাশে দর্শকের আগ্রহ।

টুইট ডেস্ক: ডিজিটাল বিনোদনের পর্দায় আবারও নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে ওয়েবচিত্র ‘একসাথে আলাদা’। সমকালীন সম্পর্কের টানাপোড়েন, ব্যক্তিগত স্বাধীনতা এবং দাম্পত্য জীবনের অদৃশ্য দূরত্বকে কেন্দ্র করে নির্মিত এই কাজটি আগামী ১৯ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে অনলাইন,প্রদর্শনমাধ্যম হই চই,তে মুক্তি পাচ্ছে।

ইতোমধ্যে এর ঝলকচিত্র প্রকাশের পর দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের এই রোমান্টিক-হালকা কৌতুকধর্মী ওয়েবচিত্রটি নির্মাণ করেছেন রেজাউর রহমান।

এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও পারসা ইভানা। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী এবং দীপা খন্দকারসহ আরও অনেকে।

গল্পে ফারহান ও আমিরা নামের দুই মানুষের সম্পর্কের এক জটিল বাস্তবতা তুলে ধরা হয়েছে। ভালোবাসা ও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও সময়ের সঙ্গে তাদের সম্পর্কে তৈরি হয় দূরত্ব ও মানসিক দ্বন্দ্ব। পরিবার, সমাজ ও ব্যক্তিগত স্বপ্নে এই তিনের টানাপোড়েনে তারা বুঝতে শুরু করে, একসঙ্গে থেকেও যেন তারা আলাদা হয়ে যাচ্ছে। সেই অনুভূতির দ্বৈততা থেকেই চলচ্চিত্রটির নামকরণ।

ওয়েবচিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার। প্রযোজক সৈয়দ আহমেদ শাওকি এবং নির্বাহী প্রযোজক শাহরিয়ার ইসলাম। চিত্রগ্রহণ করেছেন ইশতিয়াক হোসেন, সম্পাদনায় মাহফুজুল হক আশিক এবং সংগীত পরিচালনায় রয়েছেন খৈয়াম সানু সন্ধি।

নির্মাতা রেজাউর রহমান জানান, বর্তমান সময়ের সম্পর্কগুলোতে ভালোবাসার পাশাপাশি ব্যক্তিগত স্বাধীনতা ও পেশাগত চাপ বড় ভূমিকা রাখছে। সেই বাস্তব অভিজ্ঞতাগুলোকে সহজ ভাষায় দর্শকের সামনে তুলে ধরাই এই ওয়েবচিত্রের মূল উদ্দেশ্য।

ঈদের বিনোদন আয়োজনে ‘একসাথে আলাদা’ দর্শকদের জন্য নতুন স্বাদের একটি গল্প হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা।