ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

দরিদ্র পরিবারকে মাসে আরাই হাজর হাজার টাকা ভাতা; মোবাইল বা ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পৌঁছাবে।
টুইট ডেস্ক: সরকারের নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
সরকারি এই উদ্যোগের আওতায় নির্বাচিত দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে মাসিক ভাতা দেওয়া হবে। প্রতিটি উপকারভোগী পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সরকার জানিয়েছে, এই ভাতা উপকারভোগীদের পছন্দ অনুযায়ী মোবাইল অর্থ লেনদেন সেবা বা ব্যাংক হিসাবে সরাসরি পাঠানো হবে। ফলে ভাতার অর্থ পেতে কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন হবে না এবং উপকারভোগীরা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক সুরক্ষা জোরদার করা এবং দরিদ্র পরিবারের ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কর্মসূচি চালু করা হয়েছে। সরকারের প্রত্যাশা, নিয়মিত এই ভাতা নিম্নআয়ের পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সুরক্ষা কর্মসূচির সংশ্লিষ্টরা এবং উপকারভোগী পরিবারগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






