নিরাপত্তা ইস্যুতে বান্দরবানে উচ্চপর্যায়ের সভা

জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব!
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এটি তার প্রথম আইন-শৃঙ্খলা সভা।
সভায় বান্দরবান জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহমান জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল অংশীজন একসঙ্গে কাজ করলে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে।
সভায় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।






