বিশ্বকাপে ব্যক্তিগত সেরাদের মেলা

বুমরাহ–স্যামসনের দাপট, রান তালিকায় শীর্ষে পাকিস্তানের ফারহান।

টুইট ডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামার সঙ্গে সঙ্গে সামনে এসেছে আসরের ব্যক্তিগত সেরাদের তালিকা। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন একাধিক ক্রিকেটার। তবে পুরস্কারের বড় অংশই গেছে ভারতের ঝুলিতে, যা তাদের সামগ্রিক আধিপত্যেরই প্রতিফলন।

ফাইনাল ম্যাচে অসাধারণ বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ভারতের পেসার জাসপিরিট বূমরা। নির্ধারিত চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং ধসিয়ে দেন তিনি। পুরো টুর্নামেন্টে ১৪ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটের তালিকাতেও শীর্ষে থাকেন এই তারকা বোলার। একই সঙ্গে তার বোলিং মিতব্যয়িতা ছিল ৬.২১, যা আসরের সেরা ইকোনমি হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

ব্যাট হাতে সবচেয়ে বড় প্রভাব রেখেছেন ভারতের সানজু স্যামসন। পাঁচ ইনিংসে ৩২১ রান করে তিনি হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি মেরেছেন সর্বোচ্চ ২৪টি ছক্কা, যা পুরো আসরে আর কেউ ছুঁতে পারেননি।

রানের দৌড়ে অবশ্য সবার ওপরে ছিলেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। ধারাবাহিক ব্যাটিংয়ে তিনি মোট ৩৮৩ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নাম লেখান।

এদিকে দ্রুতগতির ব্যাটিংয়ে নজর কাড়েন নিউজিল্যান্ডের ওপেনার ফিন এ্যালান। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২০০.০০, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে দলীয় শিরোপার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও নানা দেশের তারকারা উজ্জ্বল হয়েছেন। তবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পুরস্কার জিতে ভারতের ক্রিকেটাররাই আসরটিতে সবচেয়ে বড় প্রভাব রেখে গেছেন।