ডার্বিতে মিলানের হাসি

ইন্টারকে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল রোসোনেরিরা।
টুইট ডেস্ক: ইতালির আলোচিত মিলান ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে এসি মিলান। সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে পেরভিস এস্তুপিনানের একমাত্র গোলে ১–০ ব্যবধানে জয় পায় রোসোনেরিরা।
ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। পরে মাঝমাঠ থেকে ইউসুফ ফোফানার নিখুঁত পাস ধরে বক্সে ঢুকে শক্ত শটে বল জালে পাঠান এস্তুপিনান। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
গোল হজমের পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালায় ইন্টার। কয়েকটি সুযোগ তৈরি করলেও মিলানের রক্ষণ ও গোলরক্ষক মাইক মেনিয়ানের দৃঢ়তায় গোল আদায় করতে পারেনি তারা।
এই জয়ে লিগের শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ব্যবধান সাত পয়েন্টে নামিয়েছে মিলান। পাশাপাশি ২০১০ ও ২০১১ মৌসুমের পর প্রথমবারের মতো একই মৌসুমে লিগের দুই মিলান ডার্বিতেই জয় পেল তারা।






