শেষ ম্যাচে স্বপ্ন বাঁচাতে মাঠে বাংলাদেশ নারী দল

উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারালেই খুলতে পারে শেষ আটের দুয়ার
টুইট ডেস্ক: এশিয়ার সেরা মঞ্চে প্রথমবারের মতো অংশ নিয়েই নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের নারী ফুটবল দল। তবে অভিষেক আসর এখনো জয়ের স্বাদ এনে দিতে পারেনি লাল,সবুজের প্রতিনিধিদের। টানা দুই ম্যাচে হারলেও গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের রঙে নিজেদের অভিযান শেষ করতে চায় আফঈদা খন্দকার,ঋতুপর্ণা চাকমাদের দল।
এএফসি নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপপর্বে এখনো পয়েন্ট না পাওয়া দুই দলের জন্যই এই ম্যাচটি মূলত মর্যাদা ও সম্ভাবনার লড়াই।
টুর্নামেন্টের শুরুটা ছিল কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াই করেও ২–০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে ৫–০ গোলের হার দেখতে হয়। অন্যদিকে উজবেকিস্তানও নিজেদের প্রথম দুই ম্যাচে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে।
বর্তমানে ‘বি’ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে উত্তর কোরিয়া। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চীন। পয়েন্টশূন্য অবস্থায় গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে উজবেকিস্তান এবং চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
তবে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু আনুষ্ঠানিক নয়। উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে শেষ আটে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে। এজন্য অন্তত তিন থেকে চার গোলের ব্যবধানে জয় প্রয়োজন বাংলাদেশের। পাশাপাশি অন্য গ্রুপের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে লাল ও সবুজদের।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠে। পাশাপাশি তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুই দলও শেষ আটে জায়গা পায়। ইতোমধ্যে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চীন ও উত্তর কোরিয়া।
সমীকরণ অনুযায়ী, বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে ভারত যদি চাইনিজ তাইপেকে চার গোল ব্যবধানে হারায় এবং জাপান ভিয়েতনামকে পাঁচ গোলের ব্যবধানে পরাজিত করে, তাহলে তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে দ্বিতীয় সেরা দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা পাওয়ার সম্ভাবনাও জিইয়ে থাকবে।
তবে সমীকরণ আরও কঠিন করে দিয়েছে অন্য গ্রুপের ফলাফল। ‘এ’ গ্রুপে ফিলিপাইন ইরানকে ২–০ গোলে হারিয়ে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ আটের দৌড়ে তারা অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে।
পরিসংখ্যানের বিচারে উজবেকিস্তান অনেক এগিয়ে। ফিফা র্যাংকিংয়ে মধ্য এশিয়ার দলটির অবস্থান ৪৯তম, যেখানে বাংলাদেশ রয়েছে ১১২তম স্থানে। তাছাড়া উজবেকিস্তান এর আগে পাঁচবার নারী এশিয়ান কাপে খেলেছে, যদিও ২০০৩ সালের পর এবারই প্রথম মূলপর্বে ফিরেছে তারা।
অন্যদিকে বাংলাদেশের জন্য এটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তবু র্যাংকিংয়ের ব্যবধানকে গুরুত্ব না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন দলের কোচ পিটার বাটলার। তার বিশ্বাস, মেয়েরা শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারলে ইতিহাসের নতুন দরজা খুলতেও পারে।






