ফ্রেমে বাঁধা বন্ধুত্বে রাজু ও ইমন

দুই বন্ধুর বাস্তব জীবনের গল্পে নির্মিত বিশেষ নাটক; নেগেটিভ চরিত্রে অধরা খান, প্রচার ঈদে।

টুইট ডেস্ক: দুই বন্ধুর বাস্তব জীবনের আবেগঘন গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী এমদাদ এইচ ভূঁইয়া রাজুর জীবনের এক সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু নিজেই। তার ঘনিষ্ঠ বন্ধু সোবাহানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, যার চরিত্রের নাম অর্ণব। নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র মায়া,এই চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী অধরা খান।

রাজুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা সিলেটে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর চাকরির সূত্রে শরীয়তপুরের সোবাহানের সঙ্গে তার পরিচয় হয়।

ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু ব্যক্তিগত জীবনের নানা সংকটে ভুগতে থাকা সোবাহান একসময় আত্মহত্যা করেন। বন্ধুর এই মৃত্যু রাজুর জীবনে গভীর শোক ও শূন্যতা তৈরি করে।

রাজু বলেন, ২০০৬ সালের ২২ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে যান এবং সেখানেই সোবাহানের সঙ্গে পরিচয় হয়। সোবাহান তাকে কাজ শেখান এবং জীবনের বিভিন্ন সময়ে পাশে দাঁড়ান।

বন্ধুর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন তাকে মানসিকভাবে ভেঙে দেয় এবং একসময় তিনি আত্মহত্যা করেন। বন্ধুর মৃত্যু তিনি সহজে মেনে নিতে পারেননি। দীর্ঘদিন সেই স্মৃতি তাকে তাড়া করে ফেরে।

বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যেই তিনি এ গল্প নিয়ে নাটক নির্মাণের উদ্যোগ নেন। রাজুর ভাষ্য, আজ তিনি যে অবস্থানে পৌঁছেছেন, তার পেছনে সোবাহানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাই বন্ধুর স্মৃতিকে ধরে রাখতেই এই নাটক নির্মাণ করা হয়েছে।
অভিনয় প্রসঙ্গে রাজু জানান, এটি তার প্রথম অভিনয়। নতুন অভিজ্ঞতা হওয়ায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে বলেও তিনি স্বীকার করেন। তবে দর্শক বিষয়টিকে সহানুভূতির দৃষ্টিতে দেখবেন বলে আশা করেন তিনি।

এদিকে এ নাটকের মাধ্যমে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে অধরা খানকে। তিনি বলেন, নাটকে তার চরিত্রটি সম্পূর্ণ নেতিবাচক। নতুন ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষা করতেই তিনি এতে অভিনয় করেছেন।

এর মাধ্যমে ভিন্ন মাত্রার অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন বলেও জানান এই অভিনেত্রী।

নাটকটি প্রযোজনাও করেছেন এমদাদ এইচ ভূঁইয়া রাজু। জানা গেছে, আগামী ঈদে তারই মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এনওয়াই সেভেনটি ওয়ান এ নাটকটি প্রচার করা হবে। নির্মাতাদের প্রত্যাশা, বাস্তব বন্ধুত্বের আবেগময় গল্প দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।