ইয়ামালের জাদুতে বার্সার শীর্ষস্থান আরও দৃঢ়

অ্যাথলেটিক বিলবাওকে ১–০ গোলে হারিয়ে লা লিগায় ব্যবধান বাড়াল কাতালানরা; মৌসুমে ১৯তম গোল তরুণ লামিনে ইয়ামালের।

টুইট ডেস্ক: এফ সি বার্সেলোনা আবারও জয়ের ধারায় ফিরেছে। কোপা দেল রে সেমিফাইনাল থেকে বিদায়ের হতাশা কাটিয়ে স্প্যানিশ লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। অ্যাওয়ে ম্যাচে এ্যাথলেটিক বিলাবোকে ১–০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে তারা।

স্পেনের বিখ্যাত মাঠ স্যান ম্যামের স্অটেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের লড়াই ছিল সমানতালে। তবে আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন দলের তরুণ তারকা ল্যামিনি ইয়ামাল।

ম্যাচের ৬৮তম মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে আক্রমণ সাজান পেড্রি। তার পাস ধরে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে জায়গা তৈরি করেন ইয়ামাল।

এরপর বাঁ পায়ের নিখুঁত বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে জড়িয়ে দেন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড।

সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র গোল।
মাত্র ১৮ বছর বয়সী ইয়ামালের জন্য এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯তম গোল। এর আগে লিগে ভিলারিয়াল সিএফ এর বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন তিনি।

ধারাবাহিক পারফরম্যান্সে বার্সেলোনার আক্রমণভাগে এখন অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন এই তরুণ।

অন্যদিকে ম্যাচে কয়েকটি আক্রমণ গড়ে তুললেও বার্সার শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি বিলবাও। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

এই জয়ে ২৭ ম্যাচ শেষে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

এদিকে সামনে ইউরোপীয় মঞ্চে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বার্সার জন্য। আগামী মঙ্গলবার ইউ ই ফা চ্যাম্পপিয়ন লিগের শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডে গিয়ে নিউ ক্যাসেল ইউনাইটেড এফ সি

এর মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের দল।
সেই ম্যাচকে সামনে রেখে এই জয় বার্সেলোনার আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।