বিসিবি নির্বাচন নিয়ে তদন্ত দাবি তামিমের

কাউন্সিলর নির্ধারণে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ; স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান।

টুইট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের বিতর্কিত নির্বাচন নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি ও ঢাকার কয়েকজন ক্রিকেট সংগঠক।

রোববার দুপুরে হঠাৎ করেই জাতীয় ক্রীড়া পরিষদে উপস্থিত হন তামিম ইকবাল। তার সঙ্গে ছিলেন ঢাকার ক্রিকেট অঙ্গনের কয়েকজন পরিচিত সংগঠক। সেখানে নির্বাহী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তারা বিসিবির গত অক্টোবরের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানান।

অভিযোগে বলা হয়, ওই নির্বাচনে কাউন্সিলর নির্ধারণের ক্ষেত্রে গঠনতন্ত্রের বিধান অনুসরণ করা হয়নি।

বরং ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের কাউন্সিলর করা হয়েছে। এ প্রক্রিয়াকে ‘দুনম্বরি’ বলে আখ্যা দিয়েছেন তামিম ও তার সঙ্গে থাকা সংগঠকেরা।

ওই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত সরে দাঁড়ান তামিম। পরে একতরফা নির্বাচনে সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বাধীন একক প্যানেল জয়ী হয়ে বিসিবির দায়িত্ব নেয়।

নির্বাচনের প্রায় সাড়ে চার মাস পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এনএসসি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তামিম বলেন, বিসিবির নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না তা যাচাই করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে।

তিনি দাবি করেন, ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব এই অভিযোগের সঙ্গে একমত হয়েছে। তাদের মতে, নির্বাচনী প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে, যা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

অভিযোগ দাখিলের সময় তামিমের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট সংগঠক রফিকুল ইসলাম বাবু, লোকমান হোসেন ভূঁইয়া, মাসুদুজ্জামান ও ফাহিম সিনহা। বিসিবির গত নির্বাচনে এই সংগঠকেরাও অংশ না নিয়ে নির্বাচন বর্জন করেছিলেন।

ক্রিকেট সংশ্লিষ্ট মহলে মনে করা হচ্ছে, এই অভিযোগের পর বিষয়টি নিয়ে ক্রীড়া প্রশাসনের ভেতরে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

এখন দেখার বিষয়, জাতীয় ক্রীড়া পরিষদ অভিযোগটি আমলে নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন করে কি না।