বান্দরবানে প্রথম ধাপে ১০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

১০ মার্চ উদ্বোধন করবেন পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান; নারীদের অ্যাকাউন্টে যাবে মাসে ২,৫০০ টাকা বা সমমূল্যের পণ্য!
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম ধাপে ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (১০ মার্চ) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রোববার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
প্রশাসন সূত্রে জানা গেছে, সারা দেশে পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৯৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। এই অর্থ সরাসরি পরিবারের নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে।
লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, প্রথম ধাপে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজার ২৭৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। যাচাই-বাছাইয়ের সময় ১৩৮টি পরিবারের জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরে অবশিষ্ট ১ হাজার ৯৭টি পরিবারকে চূড়ান্তভাবে নির্বাচন করে কেন্দ্রীয় ফ্যামিলি কার্ড বাছাই কমিটির কাছে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলায় ১১টি পাহাড়ি জনগোষ্ঠীসহ মোট ১২টি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করলেও কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকাভুক্ত করা হয়নি।
জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, সারা দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কর্মসূচি শুরু হচ্ছে। বান্দরবানে এর সূচনা হবে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে।
তিনি বলেন, এই কার্ড পাওয়ার ক্ষেত্রে ভূমিহীন, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং ০ দশমিক ৫ একরের কম জমির মালিক পরিবারগুলো অগ্রাধিকার পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






