১১ বছর পর মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে যুদ্ধ

১১ মার্চ শুরু তিন ম্যাচের লড়াই; ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

টুইট ডেস্ক: দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে আবারও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলতে নামছে পাকিস্তান। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে পাকিস্তান দলের একটি অংশ ঢাকায় এসে পৌঁছেছে। রোববার (৮ মার্চ) ভোরে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দলের প্রথম বহর রাজধানীতে অবতরণ করে। দলের বাকি সদস্যদের আগামীকাল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে শনিবার প্রধান কোচ মাইক হেসেনসহ সাপোর্ট স্টাফদের কয়েকজন ঢাকায় আসেন।

প্রাথমিক সূচি অনুযায়ী পাকিস্তানের এবারের বাংলাদেশ সফরে তিন সংস্করণের ক্রিকেট খেলার পরিকল্পনা ছিল। তবে পাকিস্তান সুপার লিগের ব্যস্ততার কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী এবারের সফরে কেবল তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে।

ক্রিকেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাকিস্তান সুপার লিগ শেষ হওয়ার পর আগামী মে মাসে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। তখন দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশে পাকিস্তানের সর্বশেষ পূর্ণাঙ্গ সফর ছিল ২০১৫ সালে। ওই সফরে দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। এরপর ২০২১ ও ২০২৫ সালে পাকিস্তান বাংলাদেশ সফর করলেও সেসব সফরে ছিল কেবল টেস্ট ও টি–টোয়েন্টি ম্যাচ। ফলে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর আবারও বাংলাদেশের মাটিতে ওয়ানডে লড়াইয়ে নামছে দুই দল।

সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ। দ্বিতীয় ম্যাচ ১৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৫ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজ শেষে ১৬ মার্চ নিজ দেশে ফিরে যাবে পাকিস্তান দল। দুই দলের এই ওয়ানডে লড়াই ঘিরে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তে শুরু করেছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা