ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান থেকে নিক্ষেপিত একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি; প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহতের চেষ্টা, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত আইআরজিসির।
টুইট ডেস্ক: ইসরাইলের বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তেহরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
রোববার সকালে ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠায়। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবিলায় জনসাধারণের সতর্কতা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা “কিছুক্ষণ আগে” তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি দাবি করেছেন, বর্তমান গতিতে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে
যাওয়ার সক্ষমতা রয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা






