নারী এগোলে জাতিও এগিয়ে যাবে

নারী দিবসে ডা. জুবাইদা রহমানের আহ্বান,সব নারী ও কন্যার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ডা. জুবাইদা রহমান বলেছেন, অদম্য মনোবলই একজন নারীর সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, নারীর সাহস, সততা ও দৃঢ় সংকল্পই সমাজকে সামনে এগিয়ে নেওয়ার মূল চালিকা শক্তি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নারী যখন এগিয়ে যায়, তখন একটি জাতিও সামনে এগিয়ে যায়। তাই দেশের প্রতিটি নারী ও কন্যার নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, নারী নেতৃত্বের শক্তি মূলত দৃঢ়তা ও সাহসের মধ্যেই নিহিত। বাংলাদেশের রাজনীতিতে সেই শক্তির উজ্জ্বল উদাহরণ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

কঠিন সময়েও তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন, যা নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ডা. জুবাইদা রহমান বলেন, সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্র সব স্তরেই নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে প্রতিটি নারী ও কন্যা নিরাপদ, সম্মানজনক ও সমান সুযোগের পরিবেশে নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারবে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয়ে নিয়মিত মতামত দিয়ে আসছেন।

নারী দিবস উপলক্ষে তার এই বক্তব্যও সমাজে নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার
গুরুত্ব নতুন করে তুলে ধরেছে।