ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল আজ

তৃতীয় শিরোপার খোঁজে ভারত, ইতিহাসের প্রথম বিশ্বকাপের স্বপ্নে কিউইরা।
টুইট ডেস্ক: বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রতীক্ষিত লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী এই দুই দলের মহারণ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ।
এই ম্যাচ ভারতের জন্য তৃতীয় শিরোপা জয়ের সুযোগ, আর নিউজিল্যান্ডের জন্য প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণের মঞ্চ। ক্রিকেট ইতিহাসে বহু তারকা ও কিংবদন্তি জন্ম দিলেও এখন পর্যন্ত এই ফরম্যাটের বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি কিউইদের। ফলে ফাইনাল তাদের জন্য এক ঐতিহাসিক সুযোগ হয়ে উঠেছে।
ভারত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে। দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় শিরোপা আসে ২০২৪ সালে।
এবার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে এবং ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধাও পাচ্ছে।
পরিচিত কন্ডিশন, সমর্থকদের বিশাল উপস্থিতি এবং নিজেদের আত্মবিশ্বাস,সব মিলিয়ে ভারতকে অনেকেই এগিয়ে রাখছেন।
তবে একই সঙ্গে ১৫০ কোটির বেশি মানুষের প্রত্যাশার চাপও সামলাতে হবে সূর্যকুমার যাদবের দলকে।
ভারতের ব্যাটিংয়ে ওপেনার অভিষেক শর্মার সাম্প্রতিক অফফর্ম কিছুটা উদ্বেগ তৈরি করেছে।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর একটি মাত্র অর্ধশতক করেছেন তিনি। অন্যদিকে স্পিনার বরুণ চক্রবর্তীর পারফরম্যান্সও ধারাবাহিক নয়।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে চার ওভারে ৬৪ রান দেন তিনি।
তবে ভারতের বড় ভরসা হয়ে উঠেছেন সাঞ্জু স্যামসন। সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি পেস আক্রমণে জসপ্রিত বুমরাহ দলের অন্যতম শক্তি।
যদিও পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বুমরাহ খুব বেশি সফল নন।
অন্যদিকে নিউজিল্যান্ডের দলটি পুরো টুর্নামেন্টে কখনো দুর্দান্ত, কখনো অনিয়মিত পারফরম্যান্স দেখিয়েছে।
গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কাছে হারলেও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দাপটের সঙ্গে হারিয়ে ফাইনালে উঠে আসে মিচেল স্যান্টনারের দল।
ব্যাটিংয়ে ওপেনার টিম সাইফার্ট ইতোমধ্যে তিনটি অর্ধশতক করেছেন। সেমিফাইনালে সেঞ্চুরি করা ফিন অ্যালেন এবং আক্রমণাত্মক ব্যাটার গ্লেন ফিলিপসও ফর্মে রয়েছেন। ফলে ব্যাটিং শক্তিতে কোনো ঘাটতি নেই কিউইদের।
পরিসংখ্যানও এই ফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারত নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। তিনটি ম্যাচেই জয় পেয়েছে কিউইরা। এছাড়া আইসিসির দুটি বড় ফাইনালেও ভারতের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড,২০০০ সালের নকআউট ট্রফি ও ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে।
সব মিলিয়ে শক্তি, পরিসংখ্যান এবং ইতিহাসের সমীকরণে আজকের ফাইনাল রূপ নিচ্ছে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে।
ঘরের মাঠে ভারত কি জিতবে তৃতীয় শিরোপা, নাকি নিউজিল্যান্ড লিখবে নতুন ইতিহাস,তার উত্তর মিলবে চার ঘণ্টার এই মহারণ শেষে।






