জাপানের গোল বন্যায় বিধ্বস্ত ভারত

মিয়াজাওয়া ও উয়েকির হ্যাটট্রিকে নারী এশিয়ান কাপে ১১–০ ব্যবধানে জাপানের দাপুটে জয়।

টুইট ডেস্ক: এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে চরম বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। শ‌নিবার ০৭ মার্চ, অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে।

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ম্যাচে হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকির হ্যাটট্রিকের সুবাদে ভারতকে ১১–০ গোলে বিধ্বস্ত করেছে জাপানের মেয়েরা।

এই জয়ে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল জাপান।

একই গ্রুপে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চাইনিজ তাইপে। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়েতনাম।

আর দুটি ম্যাচ খেলেও কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে অবস্থান করছে ভারত।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জাপান। বল দখল, আক্রমণ ও গতি,সব দিকেই ভারতের ওপর স্পষ্ট প্রাধান্য দেখায় তারা।

ম্যাচের চতুর্থ মিনিটেই ইউসুজি ইয়ামোতোর গোলে এগিয়ে যায় জাপান। এরপর ১৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া।

প্রথমার্ধেই ভারতের রক্ষণভাগকে সম্পূর্ণ ভেঙে ফেলে জাপান। এই অর্ধে আরও তিনটি গোল করে তারা। দুটি করেন হিনাতা মিয়াজাওয়া এবং একটি করেন কিকো সেইকে। ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন দাঁড়ায় ৫–০।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাপান। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্যবধান বাড়ান রিকো উয়েকি। অল্প সময়ের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। ৫৫তম মিনিটে আবারও গোল করে স্কোর ৮–০ করেন সেইকে।

এরপর ৬২তম মিনিটে হিজিকাতার গোলে ব্যবধান দাঁড়ায় ৯–০। ৬৫তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন উয়েকি। ম্যাচের ৮২তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মিয়াজাওয়া।

ম্যাচের শেষ পর্যন্ত ভারতের পক্ষে কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। জাপানের ধারাবাহিক আক্রমণের মুখে অসহায় আত্মসমর্পণ করতে হয় ভারতকে।

বড় এই জয় জাপানের গ্রুপ শীর্ষস্থান আরও মজবুত করেছে এবং তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও অনেকটাই উজ্জ্বল করেছে।