একান্ত সংগ্রামের পথচলা শেয়ার করলেন সুনেরাহ

নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে নতুন জীবনকে আলিঙ্গন।
টুইট ডেস্ক: অল্প সময়ের মধ্যে অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেওয়া অভিনেত্রী সুনেরাহ সম্প্রতি নিজের মানসিক যাত্রা ও দীর্ঘ সংগ্রামের গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি তার ভেতরের অনুভূতি প্রকাশ করেছেন।
সুনেরাহ লিখেছেন, “আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক যা-ই বলুন না কেন।”
তিনি আরও জানান, “অনুভূতিটা ছিল অদ্ভুত। কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, তবে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বাঁচার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য।”
অভিনেত্রী প্রকাশ করেছেন, তিনি নিজের মন ও শক্তিকে অনেক বেশি দৃঢ় করেছেন। তার কথায়, “আমার জীবনের কিছু সংগ্রামের পথচলা আছে যা আমি সচরাচর জনসম্মুখে বলি না। সেই পথটা একান্তই আমার, আমি একাই সবটুকু পার করেছি। আমি এ পরিশ্রম বৃথা যেতে দেব না।”
শেষে নিজের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে সুনেরাহ লিখেছেন, “আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সঙ্গে মানায়। আমি সুখ এবং একটি উন্নত জীবন চাই। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের প্রতিশ্রুতি।”
সুনেরাহর এই অনুভূতি ও সংগ্রামের গল্প তার ভক্তদের জন্য অনুপ্রেরণার একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।






