ইকরার মৃত্যু ঘিরে নতুন অভিযোগ তুললেন জাহের আলভী

সিসি টিভি ফুটেজ, বন্ধুদের যাতায়াত ও মাদক সেবনের দাবি অভিনেতা আলভির।

টুইট ডেস্ক: স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনার পর তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে থাকা অভিনেতা জাহের আলভী এবার আত্মগোপন থেকেই প্রকাশ্যে আনলেন একাধিক গুরুতর অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং স্ত্রীর ব্যক্তিগত জীবনের নানা বিষয় তুলে ধরে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় মারা যান আলভীর স্ত্রী ইকরা। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়েন অভিনেতা। প্রথমদিকে শোক ও আবেগঘন বক্তব্য দিলেও সাম্প্রতিক পোস্টে তার বক্তব্যের সুরে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে দেওয়া ওই পোস্টকে নিজের ‘শেষ পোস্ট’ বলে উল্লেখ করেন আলভী। সেখানে তিনি লেখেন, আইনের প্রতি সম্মান রেখে যেকোনো তদন্ত ও আইনি পদক্ষেপ মেনে নেবেন, তবে কিছু তথ্য তিনি রেখে যেতে চান,যাতে ভবিষ্যতে তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা হলে সাধারণ মানুষ ও গণমাধ্যম বিষয়গুলো খতিয়ে দেখার দাবি তুলতে পারেন।

পোস্টে আলভী দাবি করেন, তার বাসার ড্রইং ও ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটির প্রবেশাধিকার তার কাছে ছিল না। সেই নিয়ন্ত্রণ ছিল ইকরার মোবাইল ফোনে, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তার মতে, ওই সিসিটিভি ফুটেজই ঘটনার গুরুত্বপূর্ণ আলামত হতে পারে।

শুটিংয়ের কাজে নেপালে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি দুপুরে তিনি বাসা থেকে বের হওয়ার পর ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর বাসায় ইকরার কয়েকজন বন্ধু ও বান্ধবীর যাতায়াত ছিল।

তাদের উপস্থিতি ও কর্মকাণ্ড সিসিটিভি ফুটেজে রয়েছে বলে দাবি করেন তিনি।

আলভীর ভাষ্য অনুযায়ী, ওই সময় বাসায় ধূমপান, মদ্যপান ও মাদক সেবনের ঘটনাও ঘটেছে এবং তার সহকারীর মাধ্যমে সিগারেট ও ঘুমের ওষুধ আনার কথাও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে তার সহকারী পুলিশের কাছে বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন অভিনেতা।

ময়নাতদন্ত প্রতিবেদন নিয়েও পোস্টে প্রশ্ন তোলেন আলভী। তিনি দাবি করেন, ঘটনার আগের রাতে যদি মদ্যপান বা মাদক সেবন হয়ে থাকে, তবে সেটির প্রমাণ প্রতিবেদনে থাকা উচিত। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, তদন্তের আলামত বা নথিপত্র যেন কোনোভাবে পরিবর্তন বা মুছে ফেলা না হয়।

পোস্টের শেষাংশে স্ত্রী ইকরার ব্যক্তিগত জীবন নিয়েও একাধিক বিতর্কিত অভিযোগ আনেন আলভী। তিনি মদ্যপান, মাদক সেবন, অতীত সম্পর্ক এবং দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে দাবি করেন, দীর্ঘ দাম্পত্য জীবনে নানা সংকট থাকলেও দুজনের মধ্যেই ভালোবাসা ছিল।

তবে এই অভিযোগগুলোর বিষয়ে ইকরার পরিবার বা সংশ্লিষ্ট অন্যদের কোনো বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি। ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও কেউ কেউ অভিনেতার বক্তব্য নিয়েও প্রশ্ন তুলছেন। ফলে আলোচিত এই মৃত্যুকে ঘিরে রহস্য ও বিতর্ক এখনো কাটেনি।