নাইক্ষ্যংছড়িতে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ; মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ন্যায়-নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান।

নিজস্ব প্রতিবেদক; বান্দরবান: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও জেলা মজলিসে শুরা সদস্য মুহাম্মদ আবু নাছের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রফিক বশরী।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলার সহ-সভাপতি রফিক আহমদ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হামিদুল হক, উলামা বিভাগের পরিচালক মাওলানা মোতাহেরুল হক, মিডিয়া বিভাগের পরিচালক মাহমুদুল হক বাহাদুর, সদর সেক্রেটারি মাওলানা ঈদুল আমিন, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুর ছাদেকসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের আমির-সভাপতি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমজান মাস পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করার গুরুত্বপূর্ণ সময়।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে ইফতারের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।