লিভারপুল কোয়ার্টার ফাইনালে

রবার্টসনের জোড়া নৈপুণ্যে উলভসকে হারিয়ে এফএ কাপে শেষ আটে।

টুইট ডেস্ক: ইংলিশ এফএ কাপে ঘুরে দাঁড়ানোর দারুণ এক ম্যাচ উপহার দিল লিভারপুল।

প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের কাছে সাম্প্রতিক পরাজয়ের হতাশা কাটিয়ে এবার একই প্রতিপক্ষকে ৩–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্নে স্লটের শিষ্যরা।

জয়ে বড় অবদান রাখেন অ্যান্ডি রবার্টসন ও মোহামেদ সালাহ।

পঞ্চম রাউন্ডের এই ম্যাচে প্রথমার্ধে দুই দলই গোলের দেখা পায়নি।

মাঝমাঠের লড়াই ও রক্ষণভাগের দৃঢ়তায় গোলশূন্যভাবেই বিরতিতে যায় ম্যাচ। তবে দ্বিতীয়ার্ধে নামার পর দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় লিভারপুল।

ম্যাচের ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে দলকে এগিয়ে দেন স্কটিশ ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন।

চলতি মৌসুমে এটি ছিল তার দ্বিতীয় গোল। গোল করার মাত্র দুই মিনিট পর আবারও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার নিখুঁত ক্রস থেকে সহজ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ৭৪ মিনিটে কার্টিস জোনস দলের হয়ে তৃতীয় গোলটি করেন। শেষদিকে যোগ করা সময়ে উলভারহ্যাম্পটনের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন হুয়াং হে চান।

ম্যাচ শেষে রবার্টসন বলেন, আগের ম্যাচের হতাশা কাটিয়ে দল আজ অনেক বেশি সংগঠিত ফুটবল খেলেছে। এফএ কাপের প্রতিটি ম্যাচই তাদের কাছে বাঁচা,মরার লড়াই এবং শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তারা এগিয়ে যেতে চায়।

আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল। দুটি কাপ প্রতিযোগিতায় এখনও টিকে থাকা লিভারপুল দলটি শিরোপার লড়াই ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন।