রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল

বাড়তি চাহিদায় পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়; ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন অনেক চালক।
টুইট ডেস্ক: রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে বাড়তি চাহিদার কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে অনেক যানবাহন চালক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।
শনিবার (৭ মার্চ) সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। অনেক স্থানে উপচে পড়া ভিড়ের কারণে যানজটও সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী সীমিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। অনেক পাম্পেই তেল শেষ হয়ে যাওয়ায় চালকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। তেল না পেয়ে অনেক স্থানে চালকদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে।
এ সময় গ্রাহকরা অভিযোগ করেন, পাম্পগুলোতে তেলের সরবরাহ ও বিক্রি ঠিকভাবে তদারকি না হলে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। তারা সরকারকে পেট্রোল পাম্পগুলোর ওপর কঠোর নজরদারি করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে পাম্প মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে চাহিদা অনেক বেড়ে গেছে। কিন্তু সেই অনুপাতে তেল সরবরাহ না আসায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলাতেও পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। যানভিত্তিক নির্ধারিত কোটা অনুযায়ী পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, অতিরিক্ত চাহিদার কারণে পাম্পগুলোতে চাপ সৃষ্টি হয়েছে। তবে এখনও বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়নি বলে তারা দাবি করেছেন।





