তারাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

রাতের আঁধারে বিরাবাড়ি বাজারে আগুন; প্রাথমিকভাবে সাড়ে ৭ লাখ টাকার বেশি ক্ষতির আশঙ্কা।
নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে সাড়ে ৭ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বিরাবাড়ি বাজার এলাকায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। রাতের নিস্তব্ধতার মধ্যে মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায়।
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত বাজারে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের পক্ষে দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে লালচানের কনফেকশনারি দোকান, মঞ্জু মিয়ার গালামালের দোকান, শাহজাহানের দোকান ও বাবুলের দোকান।
অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।
তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।






