বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে সরবরাহ সংকটের আশঙ্কা; একদিনেই ব্যারেলপ্রতি দাম ৯২ ডলার ছাড়াল

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) একদিনেই বিশ্ববাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ৯২ ডলার ছাড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে এ দাম প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের তথ্য বলছে।

বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে জ্বালানি ও পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারেও।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধ পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ হয়ে পড়ায় সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে এবং তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন দেখা গেছে, যা গত ছয় বছরের মধ্যে অন্যতম বড় পতন বলে উল্লেখ করা হচ্ছে। একই সময়ে মার্কিন ক্রুড তেলের দাম প্রায় ১৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। ডলার শক্তিশালী হওয়ায় ইউরো ও ব্রিটিশ পাউন্ডের মানও কমেছে।

তাদের মতে, এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রভাব পুরো বৈশ্বিক অর্থনীতিতেই পড়ছে।