ঢাকায় ফ্রাঙ্কোফোনি উৎসব শুরু

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক আয়োজন; কবিতা, কুইজ, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।

টুইট প্রতিবেদক:ফরাসি ভাষা ও সংস্কৃতির বহুমাত্রিক ঐতিহ্য উদযাপনে রাজধানীতে শুরু হয়েছে ফ্রাঙ্কোফোনি উৎসব। ফ্রাঙ্কোফোনি ফেস্টিভ্যাল ২০২৬ উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করেছে তিন দিনের সাংস্কৃতিক উৎসব, যেখানে ভাষা, শিল্প ও সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রাঙ্কোফোন বিশ্বের বৈচিত্র্য তুলে ধরা হচ্ছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপিত ফ্রাঙ্কোফোনি উৎসবের মূল লক্ষ্য ফরাসি ভাষার চর্চা বাড়ানো এবং ফরাসিভাষী দেশগুলোর সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। একই সঙ্গে এই আয়োজন ভাষাগত বৈচিত্র্য, পারস্পরিক সংলাপ এবং আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার মূল্যবোধকে শক্তিশালী করে।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ফ্রাঙ্কোফোনি সংস্থা বর্তমানে বিশ্বের ৮৮টি রাষ্ট্র ও সরকারকে একত্রিত করেছে। এর মধ্যে ৬১টি পূর্ণ সদস্য ও ২৭টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। এই বৃহৎ সম্প্রদায় বিশ্বজুড়ে প্রায় ৯০ কোটিরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে প্রায় ৩২ কোটি মানুষ ফরাসি ভাষায় কথা বলেন।

উৎসব উপলক্ষে ৬ মার্চ আলিয়ঁস ফ্রঁসেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ফ্রান্সে উচ্চশিক্ষা বিষয়ে ‘ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ’ তথ্যসেশন, ফ্রাঙ্কোফোনি কুইজ প্রতিযোগিতা, পেতাঙ্ক ক্রীড়া প্রতিযোগিতা এবং সংগীতানুষ্ঠান।

এ ছাড়া ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত দর্শনার্থীরা ‘ফ্রাঙ্কোফোনি কমিউনিটি হাতে লেখা কবিতা’ প্রদর্শনী উপভোগ করতে পারবেন। গ্যালারি জুমে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন হয় ৬ মার্চ সকালে।

উৎসবের অংশ হিসেবে সন্ধ্যায় মঞ্চস্থ হয় বিখ্যাত ফরাসি নাট্যকারের মনোড্রামা ‘দি হিউম্যান ভয়েস’-এর নাট্য পরিবেশনা। নাট্যপ্রেমীরা লা গ্যালারিতে অনুষ্ঠিত এই আয়োজন উপভোগ করেন।

ফ্রাঙ্কোফোনি উৎসবের সমাপনী আয়োজন হিসেবে ৯ মার্চ নির্বাচিত আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। এতে কসোভো ও সুইজারল্যান্ডের কয়েকটি চলচ্চিত্র দেখানো হবে।

এবারের ফ্রাঙ্কোফোনি উদযাপনে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা কানাডার হাইকমিশন এবং ফ্রান্স, সুইজারল্যান্ড ও কসোভোর দূতাবাসের সহযোগিতায় আয়োজনটি বাস্তবায়ন করছে। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন ভাষা ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক বন্ধনকে আরও দৃঢ় করতে সহায়তা করবে।