পেলের চেয়েও ভালো মেসি? ট্রাম্পের মন্তব্যে আলোচনা

হোয়াইট হাউসে ইন্টার মিয়ামির সংবর্ধনা অনুষ্ঠানেউভয় মহাতারকার প্রশংসা; পেলের সঙ্গে তুলনায় নতুন বিতর্ক।

টুইট প্রতিবেদক:যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মেজর লিগ সকারের শিরোপা জয়ের পর ক্লাব ইন্টার মিয়ামির ফুটবলারদের হোয়াইট হাউসে সংবর্ধনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিয়ে দেওয়া তাঁর মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তাঁর ছেলে ব্যারোন ট্রাম্প মেসির বড় ভক্ত। ছেলের কাছ থেকেই তিনি জানতে পারেন, ইন্টার মিয়ামির খেলোয়াড়রা হোয়াইট হাউসে আসছেন। এ সময় মেসির প্রতি প্রশংসা জানিয়ে ট্রাম্প বলেন, “সে আমাকে বলল,বাবা, আজ এখানে কে আসছে জানো? মেসি। সে তোমার বড় ভক্ত এবং মনে করে তুমি দারুণ একজন মানুষ।”

মেসির পাশাপাশি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, “আরেকজন ভদ্রলোক আছেন,ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনিও অসাধারণ। তোমরাও অসাধারণ।”

ইন্টার মিয়ামিকে বেছে নেওয়ার জন্য মেসির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ক্যারিয়ারে মেসি ইতোমধ্যে ৪৭টি বড় শিরোপা জিতেছেন,যা ফুটবল ইতিহাসে সর্বাধিক ট্রফি জয়ের অন্যতম নজির। বিশ্বের যেকোনো ক্লাবে খেলার সুযোগ থাকলেও মেসি ইন্টার মিয়ামিকে বেছে নেওয়ায় যুক্তরাষ্ট্রের ফুটবল জনপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের এক পর্যায়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি Pelé–র সঙ্গে তুলনা টানেন ট্রাম্প। তিনি বলেন, “সম্ভবত আমার এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বয়সে বড় হয়ে গেছি। তবে আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না—তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।”

বিশ্ব ফুটবলের ইতিহাসে পেলে, মেসি ও রোনালদো
এই তিন তারকাকে ঘিরেই সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ট্রাম্পের এই মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।