পাকিস্তান সিরিজে চমক

মিরাজের নেতৃত্বে ওয়ানডে দল ঘোষণা; দেড় বছর পর ফিরলেন আফিফ, দলে লিটন,শরীফুল, নাহিদ।

টুইট প্রতিবেদক:পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বেশ কয়েকটি চমক রয়েছে।

দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারীর। পাশাপাশি বাদ পড়েছেন তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদও।

বৃহস্পতিবার ঘোষিত এই দলে নেতৃত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন। তার সঙ্গে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস, পেসার শরিফুল ইসলাম এবং তরুণ গতির বোলার নাহিদ রানা।

বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই সীমিত ওভারের সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

আইসিসি টুর্নামেন্টের বাইরে ২০২৬ সালে বাংলাদেশের ব্যস্ত সূচি অপেক্ষা করছে। বছরের মধ্যে মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে পাকিস্তান সুপার লিগ শেষ হওয়ার পর আগামী এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের।

বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।