অস্ত্রোপচারের পর সুস্থতার পথে তানিয়া বৃষ্টি

ব্রেইন টিউমার অপারেশনের পর বাসায় পূর্ণ বিশ্রামে জনপ্রিয় অভিনেত্রী।

টুইট প্রতিবেদক:জন্মদিনে ভক্তদের দোয়া চাইলেন
বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে অস্ত্রোপচারের পর সুস্থতার পথে রয়েছেন। কয়েকদিন আগে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়লে ঢাকার একটি হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে তিনি এখন রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন।

অপারেশনের পর সম্প্রতি সেলাই খুলতে আবার হাসপাতালে যান এই অভিনেত্রী। এ সময় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে তোলা একটি ছবিতে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়মিত বিশ্রাম ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।

বিগত কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় রয়েছেন তানিয়া বৃষ্টি। বিভিন্ন গল্পনির্ভর নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেছেন তিনি। আসন্ন ঈদকে সামনে রেখে কয়েকটি নাটকের শুটিংও শেষ করেছিলেন। তবে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা নেয় পরিবার।

অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নাট্যাঙ্গনের সহশিল্পী, নির্মাতা, প্রযোজকসহ দেশ,বিদেশের অসংখ্য ভক্ত তার সুস্থতার জন্য দোয়া করেন। অনেকেই সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন, আল্লাহর অশেষ রহমত এবং দেশ,বিদেশের মানুষের দোয়ায় তিনি এখন অনেকটাই ভালো আছেন। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসাতেই বিশ্রামে রয়েছেন। সহকর্মী ও ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ের জগতে ফিরতে পারেন।

প্রসঙ্গত, একটি বাস্তবতা নির্ভর প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে এক দশকেরও বেশি সময় আগে মিডিয়ায় যাত্রা শুরু করেন তানিয়া বৃষ্টি। পরবর্তীতে নাটক ও বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। সম্প্রতি রায়হান খান পরিচালিত ‘ট্রাইবুনাল’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া নির্মাতা সাগর জাহান,এর ‘চোখটা আমাকে দাও’ ও ‘ছোবল’ নাটকে তার অভিনয় দর্শক,সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।
অভিনেত্রীর সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা,সুস্থ হয়ে খুব শিগগিরই আবার ক্যামেরার সামনে ফিরবেন তানিয়া বৃষ্টি।