উত্তর কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

নারী এশিয়ান কাপে ৫-০ গোলের পরাজয়; উজবেকিস্তান ম্যাচে জিতলে এখনো কোয়ার্টার ফাইনালের আশা ।

টুইট প্রতিবেদক: নারী এশিয়ান কাপে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষের দাপটের সামনে টিকতে না পেরে শেষ পর্যন্ত ৫-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।

শুক্রবার অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় উত্তর কোরিয়ার ফুটবলাররা। প্রথমার্ধেই বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করে তারা। যদিও ম্যাচের শুরুতে কয়েকটি আক্রমণ সামলে নেয় বাংলাদেশ দল।

প্রথমার্ধের ১৪ ও ২৭ মিনিটে উত্তর কোরিয়ার দুটি গোল বাতিল হলেও শেষ পর্যন্ত বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল হজম করে বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিট) পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিয়ং ইয়ো জং। এরপরই কিম ইয়ংয়ের গোল ব্যবধান বাড়িয়ে ২-০ করে দেয় উত্তর কোরিয়া।

দ্বিতীয়ার্ধে নেমেও একই ছন্দে খেলতে থাকে কোরিয়ান দল। ৬২ মিনিটে চে উন ইয়ং এবং ৬৪ মিনিটে কিম ইয়ংয়ের গোল ব্যবধান ৪-০ তে পৌঁছে যায়। ম্যাচের শেষ মিনিটে কিম হাই ইয়ং গোল করলে বাংলাদেশের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া।
ম্যাচজুড়ে বাংলাদেশের মেয়েদের প্রত্যাশিত লড়াকু ফুটবল দেখা যায়নি। চীনের বিপক্ষে আগের ম্যাচে যে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল দলটি, উত্তর কোরিয়ার বিপক্ষে তা ধরে রাখতে পারেনি। অভিজ্ঞতার ঘাটতি ও রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে প্রতিপক্ষ।

তবে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হারলেও বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা এখনো পুরোপুরি শেষ হয়নি। আগামী ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জয় পেলে শেষ আটে ওঠার সম্ভাবনা তৈরি হতে পারে আফঈদা খন্দকারদের।