রুনা হত্যা প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার

গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন; পুলিশি পাহারায় রেখে জিজ্ঞাসাবাদ।
টুইট প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের প্রধান আসামি কর্মচারী ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতাল,এর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানেই তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে লিখিত জবানবন্দি দিয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।
পুলিশ জানিয়েছে, যেহেতু এটি একটি হত্যা মামলা, তাই নিয়ম অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি ফজলুর রহমান ছাড়াও আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
অন্য আসামিরা হলেন সাবেক কর্মচারী উপ রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
তদন্ত কর্মকর্তা জানান, মামলার দুই আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।






