বান্দরবানে বিভাগীয় অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল শুরু

উদ্বোধনী ম্যাচে বান্দরবানের জয়, অংশ নিচ্ছে চট্টগ্রাম বিভাগের আট জেলা!
বান্দরবান প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা বান্দরবানে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় স্বাগতিক বান্দরবান জেলা দল ২–০ গোলে রাঙ্গামাটি জেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করে। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৩–০ গোলে খাগড়াছড়ি জেলা দলকে হারিয়ে জয় পায়।
আয়োজক সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের মোট আটটি জেলা দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মো. সালাউদ্দিন, জাতীয় যুব কোচ জাহাঙ্গীর আলম মিন্টুসহ ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় ক্রীড়া সংগঠকদের মতে, পার্বত্য অঞ্চলে ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে জাতীয় দলের জন্য নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






