ভাইরাল ফটোকার্ড, ভিত্তিহীন বক্তব্য

সামাজিক মাধ্যমে ভাইরাল দাবি; অনুসন্ধানে মিলেনি কোনো বক্তব্য বা নির্ভরযোগ্য সূত্র।ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ।
টুইট প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঘিরে একটি বিতর্কিত বক্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়,“আমার সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে, মনে রাখবেন জুলাই যোদ্ধারা এখনও বেঁচে আছে।”
তবে অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। ভাইরাল হওয়া ফটোকার্ডটি যাচাই করতে গিয়ে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, এটি প্রথমে ফেসবুকের ‘প্রতিদিন খবর২৪’ নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়। সেখানে আসিফ মাহমুদের ছবির নিচে উক্ত দাবিটি বসানো হয় এবং উপরে তারিখ হিসেবে ৩ মার্চ ২০২৬ উল্লেখ করা হয়। একই সঙ্গে একটি সংবাদমাধ্যমের লোগো নকল করে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
ফটোকার্ডটির নিচে একটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানা দেওয়া থাকলেও, ওই সাইটে অনুসন্ধান করে দাবিটির পক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
এদিকে সর্বশেষ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রায় ১ লাখ ২৪ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় ৩ হাজার শেয়ার এবং ২৯ হাজারের কাছাকাছি মন্তব্য দেখা গেছে। মন্তব্যকারীদের বড় একটি অংশ দাবিটিকে সত্য ধরে প্রতিক্রিয়া জানিয়েছেন।
শুধু ওই পেজই নয়, বিভিন্ন রাজনৈতিক গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল থেকেও ভিন্ন ভিন্ন ফটোকার্ড, লেখা ও ভিডিও আকারে একই দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করে দেশের কোনো প্রতিষ্ঠিত গণমাধ্যমে এ ধরনের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিসিয়াল পেজেও এমন কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে যাচাই-বাছাইয়ে স্পষ্ট হয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত ওই ফটোকার্ডটি ভুয়া এবং বিভ্রান্তিকর।যার মাধ্যমে আসিফ মাহমুদকে ঘিরে একটি ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে।






