রংপুরে ডিবি অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য আটক

ডিবি অভিযানে অনলাইনে জুয়া খেলার সময় ৩ সদস্যকে হাতেনাতে আটক, মোবাইল ফোনে জুয়া অ্যাপ ও ওয়েবসাইটের প্রমাণ জব্দ।

রংপুর প্রতি‌নি‌ধি: রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বুধবার রাতে কোতয়ালীর হরিদেবপুর ইউনিয়নের শিবের বাজারে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন মো. নুরুন্নবী ইসলাম তপু (২৫), মো. রবিউল ইসলাম (২৫) এবং মোজাহিদ আলী ওরফে লাদেন (২৩)। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে জুয়া সংক্রান্ত অ্যাপ ও ওয়েবসাইট লগইন অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, রংপুরের বিভিন্ন এলাকায় অনলাইনে জুয়া পরিচালনায় জড়িত ছিলেন এবং ভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতেন।

কোতয়ালী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং: ০৩, তারিখ: ০৫/০৩/২০২৬)। আটকরা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।