লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ইফতার

রমজানের তাৎপর্য ও প্রবাসী চট্টগ্রামবাসীর ঐক্যের ওপর গুরুত্বারোপ।
টুইট ডেস্ক: যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীদের সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের আইভিওয়াই মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কনভেনর আবুল মুনছুর শাহজাহান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা এবং সাবেক কোষাধ্যক্ষ মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশের উপ-হাই কমিশনার ড. নজরুল ইসলাম। অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী চট্টগ্রামবাসীসহ প্রায় দুই শতাধিক অতিথি ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ ওমর ইসহাক চৌধুরী ও শাহিন মোস্তফিজুর রহমান। দোয়া পরিচালনা করেন মিলানো জামে মসজিদের খতিব মাওলানা জুনাইদ সোবহান। এছাড়া ইসলামি সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী জাহেদুল আলম মাসুদ।
অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত সংগঠনগুলোর মধ্যে ছিল কানেক্ট বাংলাদেশ গ্লোবাল, গ্রেটার ঢাকা সমিতি, বাংলাদেশ সলিসিটরস সোসাইটি, কক্সবাজার এসোসিয়েশন, সীতাকুণ্ড সমিতি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে, সন্দ্বীপ সমিতি, চট্টগ্রাম কেন্ট সমিতি এবং চট্টগ্রাম ক্লাব ইউকে।
এসময় বক্তব্য দেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর ফিরোজ গনি, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, ইসহাক চৌধুরী, মোহাম্মদ কায়ছার, সুজন বড়ুয়া, রাজ্জাকুল হায়দার বাপ্পী, অনুপম শাহ, মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, শহীদুল ইসলাম, ইব্রাহিম জাহান, শওকত ওসমান, আসমা আক্তার, ফয়সাল আনোয়ার নদভী, মাহাবুবুল আলম, জাহেদুল আলম মাসুদ, পিয়াস বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. নজরুল ইসলাম পবিত্র রমজানের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসে অবস্থানরত চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী করতে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের শেষে সংগঠনের সভাপতি আবুল মুনছুর শাহজাহান উপস্থিত অতিথি ও প্রবাসী চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানান। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের সদস্যদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






