দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের অভিযান

জেলা প্রশাসক শামীম আরা রিনির নেতৃত্বে দিনব্যাপী বাজার পরিদর্শন; ভোক্তাদের স্বস্তি নিশ্চিত
অসীম রায় (অশ্বিনী): পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন দিনব্যাপী বাজার পরিদর্শন কার্যক্রম চালাচ্ছে। জেলা প্রশাসক শামীম আরা রিনি–এর নেতৃত্বে বিভিন্ন বাজারে অভিযান পরিচালিত হচ্ছে। ব্যবসায়ীদের সঠিক ওজন প্রদান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ রাখা এবং প্রতিদিনের মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সতর্ক করেছে, কেউ যেন অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে না পারে। কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুতদারি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাণিজ্য নিগম বাংলাদেশ (টিসিবি) এবং খোলা বাজার বিক্রয় কার্যক্রম (ওএমএস)–এর কার্যক্রম অব্যাহত রয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিশেষ মনিটরিং দল দিনব্যাপী বাজার পরিদর্শন ও নজরদারি চালাচ্ছে। পাশাপাশি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মনিটরিং কার্যক্রমের মূল লক্ষ্য হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অযৌক্তিক দাম বৃদ্ধি রোধ, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং ভেজাল ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।
জেলা প্রশাসনের পদক্ষেপের মূল উদ্দেশ্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে প্রয়োজনীয় পণ্য নিশ্চিত করা এবং রমজান মাসে বাজারে স্বস্তি বজায় রাখা।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি জেলা প্রশাসক শামীম আরা রিনি ফল, মুদি, শাক-সবজি এবং মাছ-মাংসের দোকান পরিদর্শন করেছেন এবং ব্যবসায়ীদের যথাযথ নির্দেশনা দিয়েছেন।






