শাহজালাল (রহ.) মাজারে স্লোগান, এনসিপি নেতা সারজিসকে ঘিরে সমালোচনার ঝড়

তারাবির নামাজ শেষে ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান; ধর্মীয় অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া।
টুইট ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তারাবির নামাজ শেষে রাজনৈতিক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মাজার মসজিদ এলাকায় এসব স্লোগান দেন।
জানা গেছে, তারাবির নামাজ আদায়ের পর উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মাজার প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেন তিনি। এ সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা’, ‘আজাদি না গোলামি’, ‘আপস না সংগ্রাম’সহ একাধিক স্লোগান দেওয়া হয়। ঘটনাস্থলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারী-সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম বলেন, সুফি দরগার আদব রক্ষার ঐতিহ্য রয়েছে। মাজার জিয়ারতের সময় দলীয় স্লোগান দেওয়াকে তিনি অনভিপ্রেত বলে মন্তব্য করেন। তার দাবি, এ ধরনের আচরণে সিলেটবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক অব্যাহত রয়েছে।






