নীতিমালা সংশোধনের দাবিতে সার বিক্রেতাদের মানববন্ধন

বান্দরবানে ৪৪ হাজার কার্ডধারীর সনদ বহাল ও নতুন নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধন ও খুচরা সার বিক্রেতা পরিচয়পত্রধারীদের সনদ বহাল রাখার দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৪ মার্চ জেলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা সমিতি, বান্দরবান জেলা শাখা।

বক্তারা বলেন, সম্প্রতি প্রকাশিত সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালায় দেশজুড়ে সরকার অনুমোদিত পরিচয়পত্রধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী বিক্রেতারা কার্যত কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন।

তাদের দাবি, নতুন নীতিমালা অনুযায়ী ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে সব দায়দেনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে এবং আলাদাভাবে সরকার অনুমোদিত খুচরা বিক্রেতা কাঠামো থাকবে না—এমন বিধান যুক্ত হয়েছে। এতে প্রায় ৪৪ হাজার অনুমোদিত বিক্রেতার জীবিকা হুমকির মুখে পড়বে এবং ৫ কোটি কৃষকের কাছে সার সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হতে পারে।

মানববন্ধনে সমিতির জেলা সহসভাপতি গোপাল দাশ, কোষাধ্যক্ষ রাজীব দাশ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য দেন। তারা বলেন, দীর্ঘদিনের ব্যবসা ও জীবিকার সঙ্গে যুক্ত এই কাঠামো হঠাৎ স্থগিত হলে পরিবার-পরিজন নিয়ে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

বক্তারা আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং মাঠপর্যায়ে সারের সরবরাহ নির্বিঘ্ন রাখতে নীতিমালার বিতর্কিত ধারা পুনর্বিবেচনা জরুরি। দ্রুত সংশোধন না হলে সার বিতরণ ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন পরিচয়পত্রধারী সার বিক্রেতারা। তারা দ্রুত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চান।