উত্তর কোরিয়ার সামনে বাংলাদেশের কঠিন পরীক্ষা

ইতিহাস গড়ার মিশনে বাংলাদেশ নারী দল। চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর ফিফা র্যাংকিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়ার মুখোমুখি লাল-সবুজের মেয়েরা, লক্ষ্য প্রথম পয়েন্ট অর্জন।
টুইট ডেস্ক: এশিয়ান কাপের অভিষেক ম্যাচে ৯বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২-০ গোলে হারলেও পারফরম্যান্সে আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে তারা। এবার সামনে আরও কঠিন চ্যালেঞ্জ—ফিফা র্যাংকিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়া।
আগামী ৬ মার্চ সিডনিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আছেন ঋতুপর্ণা-মারিয়ারা। বুধবার ছিল রিকভারি সেশন, বাকি সময় বিশ্রাম। ফাঁকে সিডনির বিখ্যাত অপেরা হাউস, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ও হারবার ব্রিজ ঘুরে দেখেন ফুটবলাররা। ঐতিহাসিক স্থাপনাগুলোতে কাটানো মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন তারা। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে খেলোয়াড়দের মানসিকভাবে সতেজ রাখতেই এমন উদ্যোগ নেয় টিম ম্যানেজমেন্ট।
চীনের চেয়েও শক্তিশালী ধরা হচ্ছে উত্তর কোরিয়াকে। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১১২তম—অর্থাৎ শতাধিক ধাপ এগিয়ে কোরিয়ানরা। তিনবার এশিয়ান কাপ জয়ের পাশাপাশি তিনবার রানার্সআপও হয়েছে তারা। নিষেধাজ্ঞার কারণে ২০১৪ আসর ও বিশ্বকাপ মিস করার পর দীর্ঘ বিরতির পর এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে দলটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে উত্তর কোরিয়া।
তারুণ্যদীপ্ত ও গতিময় ফুটবলে অভ্যস্ত কোরিয়ানদের বিপক্ষে প্রথম দেখায় নামা নিঃসন্দেহে কঠিন পরীক্ষা। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, রিকভারি শেষে এখন ভিডিও সেশন ও ভুল বিশ্লেষণে মনোযোগ দিচ্ছেন তারা।
চীনের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, পরিকল্পনামাফিক খেলতে পেরেছে দল। নিয়মিত গোলরক্ষক রুপনার পরিবর্তে সুযোগ পেয়ে ১৯ বছর বয়সি মিলি আক্তার দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। কোচ জানান, মিলিকে একাদশে রাখার পরিকল্পনা দুই মাস আগে থেকেই ছিল এবং তার উচ্চতাকে কাজে লাগানোর কৌশল সফল হয়েছে।
দলে বড় কোনো ইনজুরি নেই বলেও নিশ্চিত করেছেন তিনি। উত্তর কোরিয়া ম্যাচকে সামনে রেখে আজ থেকে পুরোদমে কৌশলগত প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। ভাগ্য সহায় হলে পয়েন্ট পাওয়ার আশা রাখছে কোচিং স্টাফ।
উত্তর কোরিয়ার পর আগামী ৯ মার্চ ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্ত প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় এখন লাল-সবুজের মেয়েরা।






