চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে সারাদেশে সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা থেকে শুরু, দাগি আসামিদের আইনের আওতায় আনার ঘোষণা
টুইট ডেস্ক: চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রথমে ঢাকা থেকে অভিযান শুরু হবে, পরে তা সারাদেশে বিস্তৃত করা হবে। ইতোমধ্যে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হলে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। দ্রুত সময়ের মধ্যেই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।






