ইরানের সাবমেরিনসহ ১৭ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আরব সাগর-হরমুজ প্রণালী-ওমান উপসাগরে টানা চার দিনের অভিযান; বি-১ ও বি-২ বোমারু বিমান মোতায়েন
টুইট ডেস্ক: গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সম্ভাব্য হুমকি থেকে আঘাত আসতে পারে এমন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। মার্কিন বি-১ ও বি-২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করা হয়।
তিনি আরও বলেন, কয়েক দশক ধরে এসব জলপথে বাণিজ্যিক জাহাজ হয়রানির অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। সাম্প্রতিক অভিযানের পর ওই এলাকায় বর্তমানে কোনো ইরানি জাহাজ নেই বলেও দাবি করেন তিনি।
এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’-তে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা ও দুই শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
অ্যাডমিরাল ব্র্যাড কুপার আরও দাবি করেন, গত চার দিনে ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।






