ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহতের দাবি

চার দিনে নিহত ১,০৯৭ জন; শিশু ১৮১, আহত ৫ হাজারের বেশি এনজিও হারানার প্রতিবেদন
টুইট ডেস্ক: ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর গত চার দিনে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর শত শত বোমা হামলায় ১ হাজার ৯৭ জন বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮১ জনের বয়স ১০ বছরের কম।
এছাড়া আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও প্রায় ১০০ জন শিশু রয়েছে বলে উল্লেখ করা হয়।
হারানার দাবি, হামলায় ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সংগঠনটি জানিয়েছে, নিহত ও আহতের বিষয়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের কাজ এখনও চলমান।






