ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধের প্রভাব; চার দিনে বাতিল ১৪৭টি ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা।

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়।

মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রভাব পড়েছে। মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত সেখানে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।