পাইলটকে ইরানি ভেবে আক্রমণের চেষ্টা: আমেরিকান শনাক্ত করে উদ্ধার

কুয়েতে ভূপাতিত মার্কিন পাইলটকে স্থানীয়দের সাহায্য। প্রথমে ইরানি ভেবে আক্রমণের চেষ্টা, পরে আমেরিকান শনাক্ত করে উদ্ধার।
টুইট প্রতিবেদক: কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একজন মার্কিন পাইলটকে স্থানীয় কুয়েতিরা প্রথমে ইরানি ভেবে আক্রমণের চেষ্টা করেন। পরে তাকে আমেরিকান শনাক্ত করে তাৎক্ষণিক সাহায্য প্রদান করেন।
সোমবার (২ মার্চ) রাতে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুলবশত গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) ভূপাতিত হয়। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে প্যারাশুটে নেমে এসেছেন এবং স্থিতিশীল অবস্থায় উদ্ধার হয়েছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাইলট ল্যান্ড করার পর স্থানীয়রা ছুটে আসেন। প্রাথমিকভাবে ইরানি পাইলট ভেবে উত্তেজিত আচরণ করলেও পরে আমেরিকান শনাক্ত করে তাকে খাবার, পানি, আশ্রয় ও চিকিৎসা সহায়তা দেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান।
পাইলটের জ্যাকেটের ভিতরে সেলাই করা ‘ব্লাড চিট’ নামক কার্ডে ইংরেজি, আরবি, তুর্কি, ফার্সি ও কুর্দি ভাষায় লেখা ছিল: “আমি একজন আমেরিকান নাগরিক… দয়া করে আমাকে সাহায্য করুন।”
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র: ইউএস সেন্ট্রাল কমান্ডের অফিসিয়াল বিবৃতি, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট।







