রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ অবৈধ ঘোষণার দাবিতে রিট

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন; অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি

টুইট ডেস্ক: দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণ অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে ‘নীরব ভূমিকা’র অভিযোগ তুলে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চাওয়ার আবেদনও করা হয়েছে রিটে।

গত সোমবার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

নোটিশে বলা হয়, জুলাই প্রসঙ্গে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। তাই তাকে অপসারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের জন্য নতুন রাষ্ট্রপতি নিয়োগের উদ্যোগ নিতে বলা হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।