১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

বগুড়া-৬ আসনে উপনির্বাচন সামনে রেখে সফর স্থগিত; নির্বাচনি বিধি মানতেই সিদ্ধান্ত।

টুইট ডেস্ক: আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বগুড়ায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছে।

গত সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। তার ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিএনপি প্রার্থীর ভাষ্য, উপনির্বাচনের সময় সরকারি কর্মসূচি আয়োজন করলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে চান বলেই সফর স্থগিত করেছেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী।